
নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): রাজ্য পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার কথিত অপব্যবহার সংক্রান্ত একটি মামলায় কেন্দ্রীয় সরকার, সমস্ত রাজ্য সরকার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেটা ও এক্স-কে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই নোটিস জারির নির্দেশ দিয়েছে।
আবেদনে বিভিন্ন রাজ্যের এমন কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে, যেখানে গ্রেফতারের পর অভিযুক্তদের ভিডিও প্রকাশ্যে আনা হয়েছিল। হেমেন্দ্র পটেল এই আবেদন দায়ের করেছেন। শুনানিতে আবেদনকারীর পক্ষে প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় পুলিশ অভিযুক্তদের দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায়। এমনকি পুলিশ সেই ধরনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করে।
আবেদনকারীর আইনজীবীর বক্তব্য, পুলিশের এই ধরনের আচরণ শুধু অভিযুক্তের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না, তাঁর ন্যায্য ও নিরপেক্ষ বিচারের অধিকারও প্রভাবিত করতে পারে। আবেদনে আরও দাবি করা হয়েছে, পুলিশ কর্তৃক অভিযুক্তদের এমন ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের ক্ষেত্রে মেটা ও এক্স-এর নীতিতেও স্পষ্ট কোনও নির্দেশিকা নেই।
এই মামলায় সুপ্রিম কোর্ট কেন্দ্র ও সমস্ত রাজ্যের পাশাপাশি সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির কাছ থেকে বিষয়টি নিয়ে জবাব চেয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য