গোয়ায় ‘বন্দে মাতরম্’-এর দুই স্তবক, বিতর্কের মাঝে খাড়গের সাফাই
নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.) : গোয়ায় কংগ্রেসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম্’-এর মাত্র দুই স্তবক গাওয়া নিয়ে বিতর্কের মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করলেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও সর্দার প্যাটেলও এই ‘বন্দে মাতরম্’ই গেয়েছেন। তাঁর বক্তব
গোয়ায় ‘বন্দে মাতরম্’-এর দুই স্তবক, বিতর্কের মাঝে খাড়গের সাফাই


নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.) : গোয়ায় কংগ্রেসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম্’-এর মাত্র দুই স্তবক গাওয়া নিয়ে বিতর্কের মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করলেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও সর্দার প্যাটেলও এই ‘বন্দে মাতরম্’ই গেয়েছেন। তাঁর বক্তব্য, সরকার বদলালেই জাতীয় গানের রূপ বদলে যেতে পারে না।

সাংবাদিকদের খাড়গে বলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন অটলবিহারী বাজপেয়ী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীও একই ‘বন্দে মাতরম্’ গেয়েছেন। তাঁর প্রশ্ন, “আমি যদি একই বন্দে মাতরম্ গেয়ে থাকি, তাহলে কি সেটাও অপরাধ? তা হলে গান্ধীজি, নেহরুজি ও সর্দার প্যাটেলের বিরুদ্ধেও মামলা করা হোক।” তাঁর কথায়, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যা চাইবেন, সেই অনুযায়ী জাতীয় গান চলতে পারে না।

ঘটনার সূত্রপাত সোমবার গোয়ায় কংগ্রেসের একটি কর্মসূচিতে। সেখানে ‘বন্দে মাতরম্’-এর প্রথম দুই স্তবক গাওয়া হয়। মঞ্চে উপস্থিত ছিলেন খাড়গে। এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়।

এর আগে স্বাধীনতা দিবসে নয়াদিল্লিতে কংগ্রেস সদর দফতরের অনুষ্ঠানেও ‘বন্দে মাতরম্’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। গানটির দুই স্তবক গাওয়ার সময় সোনিয়া গান্ধীর কিছু ইঙ্গিত নিয়ে প্রশ্ন ওঠে। যদিও পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দাবি করেন, খাড়গের বয়সের কথা মাথায় রেখে তাঁকে বসার জন্য চেয়ার দেওয়ার নির্দেশই দিয়েছিলেন সোনিয়া।

এই ঘটনাকে ঘিরে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগকারীদের দাবি, গান চলাকালীন সোনিয়ার কিছু ইঙ্গিত আপত্তি হিসেবে দেখা হয়েছিল। প্রস্তাবিত ‘জাতীয় সম্মান অবমাননা সংশোধনী বিল, ২০২৬’-এর উল্লেখও করা হয়েছে অভিযোগে। জাতীয় সঙ্গীত বা জাতীয় গান গাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করলে ওই আইনে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার বিধানের প্রস্তাব রয়েছে।

এদিকে, লোকসভার বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে প্রথমবার সম্পূর্ণ ‘বন্দে মাতরম্’-এর ছয়টি স্তবক গাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী-সহ সমস্ত সাংসদ উপস্থিত ছিলেন। জাতীয় গানের আইনি সুরক্ষা সংক্রান্ত আইনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের কয়েক দিনের মধ্যেই এই আয়োজন হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande