
আবুধাবি/ওয়াশিংটন, ১৯ আগস্ট (হি.স.): ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বড় পদক্ষেপ নিল সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)। বুধবার থেকে তাৎক্ষণিকভাবে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক আদানপ্রদান এবং আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা করেছে ইউএই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ইউএই বিদেশ মন্ত্রকের কৌশলগত যোগাযোগ বিভাগের অধিকর্তা আফরা আল হামেলি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে, সমুদ্রপথে নৌ চলাচলকে লক্ষ্য করে ইরানের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্রে পড়ার পরই ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক কার্যকলাপ স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইউএই।
ইউএই জানিয়েছে, দেশের এয়ার ডিফেন্স সিস্টেম ইরান থেকে তাদের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। প্রতিরক্ষা মন্ত্রকের তদন্তে জানা যায়, ক্ষেপণাস্ত্রগুলির লক্ষ্য ছিল সমুদ্রপথে নৌ চলাচল। একটি ক্ষেপণাস্ত্র ইউএইর সমুদ্রসীমার বাইরে সমুদ্রে পড়ে এবং অন্যটি দেশের সমুদ্রসীমার মধ্যে পড়ে। তবে ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
পশ্চিম এশিয়ার উত্তেজনার আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরান নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনও আলোচনা হচ্ছে না। সীমিত নৌ চলাচল এবং একটি জাহাজে হামলার খবর সামনে এলেও হরমুজ প্রণালী খোলা ও সচল রয়েছে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে হরমুজ প্রণালীকে নতুন মার্কিন এলাকা হিসেবে উল্লেখ করে একটি ছবিও পোস্ট করেছেন ট্রাম্প।
অন্যদিকে হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার বিষয়ে নিজেদের শর্তের কথা পুনরায় জানিয়েছে ইরান। কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৃহত্তর মার্কিন-ইরান আলোচনা ফের শুরু হওয়ার আগে মধ্যস্থতাকারীরা হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতার অপেক্ষায় রয়েছেন।
ইউএই বিদেশ মন্ত্রক জানিয়েছে, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে আলোচনা, সহযোগিতা এবং আঞ্চলিক একীকরণের প্রতি তারা এখনও প্রতিশ্রুতিবদ্ধ। তবে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করা পরিস্থিতির কথা মাথায় রেখেই ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ইউএই সরকার দেশের নাগরিকদের শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করার আবেদন জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সমুদ্রপথে নৌ চলাচলকে লক্ষ্য করে আসা যে কোনও হুমকির মোকাবিলায় ইউএইর প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য