
সুরাবায়া (ইন্দোনেশিয়া), ২ আগস্ট (হি. স.): ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মাদুরা দ্বীপের কাছে সমুদ্রে একটি যাত্রিবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনও ৪১ জন নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধারকারী বাহিনী ২২৫ জন যাত্রী ও নাবিককে নিরাপদে উদ্ধার করেছে। নিখোঁজদের খুঁজতে সমুদ্রজুড়ে জোরকদমে তল্লাশি অভিযান চলছে।
জানা গেছে , কেএমপি মুতিয়ারা সেন্টোসা-২ নামে ফেরিটি পূর্ব জাভার সুরাবায়ার তানজুং পেরাক বন্দর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রাপথে হঠাৎ জাহাজে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় বহু যাত্রী প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন।
জাহাজে মোট ২৭১ জন যাত্রী ও নাবিক ছিলেন। নৌবাহিনী, জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং আশপাশে থাকা একাধিক জাহাজ যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে সমুদ্রে ভেসে থাকা যাত্রীদের নিরাপদে তুলে আনে।
সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার দফতরের প্রধান নানাং সিগিট জানান, দুর্ঘটনার সময় ফেরিটি বুরুয়ান-সাপুদি দ্বীপ থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে ছিল। নিখোঁজদের সন্ধানে একাধিক উদ্ধারকারী জাহাজ মোতায়েন করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ফেরির ওপরের ডেক থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা গিয়েছে। লাইফ জ্যাকেট পরে বহু যাত্রীকে উদ্ধারকারীদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও, ওই ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য