
রাণীগঞ্জ, ২০ আগস্ট (হি.স.): আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় প্রাচীন ও জরাজীর্ণ বাড়ির সংখ্যা নিয়ে ফের প্রশ্ন উঠল। বৃহস্পতিবার রাণীগঞ্জের তিলক রোড এলাকায় প্রায় ১৫০ বছরের পুরনো একটি দোতলা বাড়ি আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পুরনো বাড়িতে এক মহিলা তাঁর মেয়েকে নিয়ে বসবাস করতেন। বেশ কিছুদিন ধরেই বাড়িটির অবস্থা বিপজ্জনক ছিল। পরিস্থিতি আঁচ করে আগেই মা ও মেয়েকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে বাড়িটি ভেঙে পড়ার সময় তাঁরা সেখানে না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে বিপজ্জনক ও জরাজীর্ণ বাড়িগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও এখনও বহু পুরনো বাড়ি বিভিন্ন এলাকায় রয়ে গিয়েছে। যেগুলি যে কোনও সময় ভেঙে পড়ে বিপদ ঘটাতে পারে।
এই ঘটনার পর রাণীগঞ্জ-সহ কর্পোরেশনের বিভিন্ন এলাকায় থাকা বিপজ্জনক বাড়িগুলি দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়