
আসানসোল, ২০ আগস্ট (হি.স.): পুলিশ হেফাজতে থাকা জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংকে জেরা করে অবৈধ অস্ত্রের বড়সড় ভাণ্ডারের হদিশ পেল পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিডি টিম ও জামুড়িয়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ইসিএলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে প্রায় দেড়টা নাগাদ জামুড়িয়ার ইসিএলের নর্থ সিয়ারসোল এলাকার একটি পরিত্যক্ত দোতলা কোয়ার্টারে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি দেশি সেভেন এমএম পিস্তল, একটি দেশি রিভলভার, দুটি দেশি পাইপগান এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।
প্রেমপালকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই অস্ত্রভাণ্ডারের সন্ধান মিলেছে বলে পুলিশের দাবি। অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল, কারা সেগুলি মজুত করেছিল এবং এর সঙ্গে কোনও বড় অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ছয় দিনের পুলিশ হেফাজত শেষে বৃহস্পতিবার প্রেমপাল সিংকে ফের আসানসোল আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে আরও ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে জামুড়িয়া থানার পুলিশ। অস্ত্রচক্রের সঙ্গে যুক্ত অন্যদের সন্ধানে তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়