
নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): চিনির ক্রমবর্ধমান দামবৃদ্ধি এবং আখ থেকে ইথানল উৎপাদন নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন আম আদমি পার্টি (এএপি)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার কেজরিওয়াল অভিযোগ করেছেন, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য ইথানল উৎপাদনে আখের ব্যবহার বাড়ানো হয়েছিল। কিন্তু এর ফলে দেশে চিনির ঘাটতি দেখা দিয়েছে।
অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কেন্দ্রের নীতির সমালোচনা করে বলেন, এটি এমন একটি সরকার যারা জানেই না তাদের একটি সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে কী পরিণতি হবে। কেজরিওয়াল বলেন, তেল আমদানিতে ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য আখ থেকে ইথানল উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু এর জেরে চিনির ঘাটতি দেখা দেয়। ফলে এখন সেই বৈদেশিক মুদ্রা দিয়েই চিনি আমদানি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কেজরিওয়াল দাবি করেছেন, গত ১৭ দিনে চিনির দাম ২০ টাকা বৃদ্ধি পেয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ