
কোচবিহার, ২০ আগস্ট (হি.স.): বুধবার গভীর রাতে চ্যাংড়াবান্ধায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল জামালদহের দুই যুবকের। মৃতদের নাম অভিজিৎ মণ্ডল ও তাপস মণ্ডল। একই এলাকার দুই যুবকের একসঙ্গে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা জামালদহ এলাকায়।
জানা গিয়েছে, বুধবার রাতে জামালদহের বাসিন্দা অভিজিৎ ও তাপস বাইকে করে চ্যাংড়াবান্ধা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় চ্যাংড়াবান্ধার ওভারব্রিজ সংলগ্ন এলাকায় একটি ট্রাক তাঁদের বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দু’জনেই গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়।
মৃত দুই যুবকের বাড়ি জামালদহের তুলসী দেবী হাই স্কুল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ একটি গ্রিলের দোকানে ঝালাইয়ের কাজ করতেন। অন্যদিকে, তাপস একটি হার্ডওয়্যারের দোকানে কর্মরত ছিলেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ তৈরি হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও গভীর শোকপ্রকাশ করেছেন। বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। এরপর দেহ বাড়িতে নিয়ে আসা হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়