তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেফতার উত্তর হাওড়ার তৃণমূল ওয়ার্ড সভাপতি, আদালতের বাইরে বিক্ষোভ
হাওড়া, ২০ আগস্ট (হি.স.): তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে উত্তর হাওড়ার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি শ্যাম মালহোত্রাকে গ্রেফতার করল পুলিশ। তিনি উত্তর হাওড়ার প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে দাবি। হাওড়া সিটি পুল
শ্যাম মালহত্রা


হাওড়া, ২০ আগস্ট (হি.স.): তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে উত্তর হাওড়ার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি শ্যাম মালহোত্রাকে গ্রেফতার করল পুলিশ। তিনি উত্তর হাওড়ার প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে দাবি। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং মালিপাঁচঘোড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্যাম মালহোত্রার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। সেই মামলাগুলির তদন্তের স্বার্থেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার তাঁকে হাওড়া আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

এদিকে বৃহস্পতিবার, শ্যাম মালহোত্রাকে আদালত থেকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, উত্তর হাওড়ার বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেন। পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হয়।

পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্যাম মালহোত্রাকে নিরাপদে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগ ও মালিপাঁচঘোড়া থানার পুলিশ। পুলিশ হেফাজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগগুলির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande