
শ্রীনগর, ২৫ আগস্ট (হি. স.): কাশ্মীরে তিনটি পৃথক অভিযানে আট জন ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’ (জঙ্গিদের সহযোগী)-কে গ্রেফতার করেছে নিরাপত্তাবাহিনী।
মঙ্গলবার আধিকারিকরা জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে শোপিয়ান জেলার ইমামসাহিব এলাকায় একটি বাগানে অভিযান চালায়। সেখানে নাজির আহমেদ ওয়ানির বাগান থেকে একটি গ্রেনেড, দু’টি একে ম্যাগাজিন, চারটি মোবাইল ফোন এবং একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পোস্টার উদ্ধার করা হয়। ঘটনায় আশিক হুসেন কুমার, আরিফ কুমার ও হ্যারিস মঞ্জুর নামে তিন সন্দেহভাজন ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া সোমবার গভীর রাতেও শোপিয়ান জেলা থেকে আরও তিন ওজিডব্লিউ-কে গ্রেফতার করে নিরাপত্তাবাহিনী। তল্লাশির সময় তাঁদের কাছ থেকে দু’টি হ্যান্ড গ্রেনেড এবং হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃতদের পরিচয় জুনেইদ আহমেদ দার, আমির ইউসুফ ও জুনেইদ মুজাফফর হিসেবে জানা গিয়েছে।
আধিকারিকরা জানান, নিরাপত্তা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ইয়ারওয়ান জঙ্গল এলাকায় ঘেরাও ও তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় যৌথ বাহিনী দুই ব্যক্তিকে জঙ্গল থেকে সিবি নাথ গ্রামের দিকে সন্দেহজনক ভাবে আসতে দেখে। সতর্ক বাহিনী দ্রুত তাঁদের আটক করে। ধৃতদের লতিফ আহমেদ দিদাদ ও এজাজ আহমেদ বাজাদ নামে শনাক্ত করা হয়েছে।
তল্লাশির সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল, ১২টি পিস্তলের গুলি এবং একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁদের কার্যকলাপ, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং তাঁদের পরবর্তী যোগসূত্র খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য