
মুম্বই, ২৫ আগস্ট (হি.স.) : প্রিয়দর্শন পরিচালিত বহু প্রতীক্ষিত ক্রাইম-থ্রিলার ছবি ‘হয়বান’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। কেভিএন প্রোডাকশনের প্রযোজনায় তৈরি এই ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন সইফ আলি খান ও অক্ষয় কুমার।
ট্রেলারে সইফকে দৃষ্টিহীন রোহন কাপুরের চরিত্রে দেখা গিয়েছে। তিনি একাই একটি ছোট মেয়েকে বড় করে তুলছেন। অন্যদিকে অক্ষয় কুমারকে দেখা যাবে এক নৃশংস ও সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের ভূমিকায়। ট্রেলারে তাঁর ভয়ংকর চরিত্রের ঝলকও দেখা গিয়েছে।ট্রেলারের শুরুতেই রোহন কাপুরকে দেখা যায়। দৃষ্টিহীন হলেও তিনি যুদ্ধকলায় পারদর্শী এবং একটি ছোট মেয়ের দেখভাল করেন। একসময় ভয়ংকর সিরিয়াল কিলারের নজর পড়ে ওই মেয়েটির উপর। এরপর তাকে বাঁচানোর দায়িত্ব এসে পড়ে রোহনের উপর।
প্রথমদিকে দৃষ্টিহীনতার কারণে অসহায় মনে হলেও ধীরে ধীরে নিজের দুর্বলতাকেই শক্তিতে পরিণত করে রোহন। অন্যদিকে অক্ষয়ের চরিত্রটি অত্যন্ত হিংস্র ও ভয়ংকর। ফলে দুই চরিত্রের সংঘাত ঘিরে ছবিতে টানটান উত্তেজনা তৈরি হয়েছে।
ছবিতে বোমান ইরানি, সাইয়ামি খের এবং শ্রিয়া পিলগাঁওকরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। অ্যাকশন, সাসপেন্স ও আবেগঘন নাটকীয়তায় ভরপুর ট্রেলারটি সইফ ও অক্ষয়ের মুখোমুখি সংঘাত নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। প্রিয়দর্শন পরিচালিত ‘হয়বান’ আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস