
লখনউ, ২৫ আগস্ট (হি.স.): পঞ্জাব বিধানসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি (বিএসপি) একাই লড়বে। মঙ্গলবার বিএসপি-র জাতীয় সভাপতি মায়াবতী এই বিষয়ে জানিয়েছেন। এ দিন তিনি বলেন, কোনও জোট বা নির্বাচনী সমঝোতা হলে তাঁর দলের ক্ষতি হয়। তাই একা লড়ার সিদ্ধান্ত। কর্মী-সমর্থকদের প্রতি তিনি আহ্বান জানান, প্রতিপক্ষের সমস্ত কৌশল সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য। সেইসঙ্গে, আরও ভাল ফলাফলের জন্য প্রস্তুত হওয়ারও আহ্বান জানান তিনি।
মঙ্গলবার লখনউয়ের বিএসপি-র কেন্দ্রীয় ক্যাম্প কার্যালয়ে পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। সেখানেই বিএসপি সুপ্রিমো এই বিষয়ে জানান। এই বৈঠকে বিএসপি-র পঞ্জাবের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে মায়াবতী এও জানান, পঞ্জাবের পাশাপাশি উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার করা হয়েছে। উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের মতো পঞ্জাব বিধানসভা নির্বাচনেও বিএসপি একাই লড়বে। এ ছাড়া, এদিন মায়াবতী কর্মী-সমর্থকদের নির্দেশ দিয়েছেন, ৯ অক্টোবর বিএসপি-র প্রতিষ্ঠাতা কাঁশীরামের প্রয়াণ দিবস উপলক্ষে সফলভাবে কর্মসূচি সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ