
মেদিনীপুর, ২৫ আগস্ট (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানা এলাকায় সোমবার গভীর রাতে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাইকে থাকা অপর এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম গৌরীশঙ্কর বেরা। তিনি দাঁতন-২ ব্লকের সাবড়া এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে গৌরীশঙ্কর তাঁর বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন। দাঁতন এলাকায় ঢোকার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে থাকা একটি সিমেন্টের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আঘাত পান বাইকে থাকা দুই যুবক।
বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং দু'জনকে উদ্ধার করেন। কিন্তু ঘটনাস্থলেই গৌরীশঙ্করের মৃত্যু হয়। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় অপর যুবকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে দাঁতন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি