শিয়ালদহ - বহরমপুর রুটে যাত্রী পরিষেবা উন্নত করতে কাজ আরম্ভ - পূর্ব রেলের ঘোষণা
কলকাতা, ২৫ আগস্ট (হি. স.): শিয়ালদহ–বহরমপুর রুটে যাত্রী পরিষেবা উন্নত করতে একাধিক পরিকাঠামোগত কাজ শুরু করেছে পূর্ব রেল। জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নেতৃত্বে এই উদ্যোগের লক্ষ্য স্টেশনগুলির আধুনিকীকরণের পাশাপাশি ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা ফিরিয়ে
শিয়ালদহ - বহরমপুর রুটে যাত্রী পরিষেবা উন্নত করতে কাজ আরম্ভ - পূর্ব রেলের ঘোষণা


কলকাতা, ২৫ আগস্ট (হি. স.): শিয়ালদহ–বহরমপুর রুটে যাত্রী পরিষেবা উন্নত করতে একাধিক পরিকাঠামোগত কাজ শুরু করেছে পূর্ব রেল। জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নেতৃত্বে এই উদ্যোগের লক্ষ্য স্টেশনগুলির আধুনিকীকরণের পাশাপাশি ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা ফিরিয়ে আনা।​শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা মঙ্গলবার জানান, ভগবানগোলা স্টেশনে দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান করা হয়েছে। এতদিন প্ল্যাটফর্ম ছোট থাকায় ১৩১০৩ ভাগীরথী এক্সপ্রেস এবং ১৩১১৩ হাজারদুয়ারি এক্সপ্রেসকে একই প্ল্যাটফর্মে দু’বার করে দাঁড় করাতে হতো। ফলে যাত্রীদের বিভ্রান্তির পাশাপাশি ট্রেনের সময়ও নষ্ট হতো।​উদ্ভূত পরিস্থিতিতে সেই সমস্যা মেটাতে ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৩৫০ মিটার থেকে বাড়িয়ে ৩৮৫ মিটার করা হয়েছে। প্ল্যাটফর্মের উচ্চতাও বাড়ানো হয়েছে। ফলে এবার থেকে পূর্ণ দৈর্ঘ্যের ট্রেনগুলিকে এক বারেই দাঁড় করানো যাবে। নতুন প্ল্যাটফর্ম শেড ও শৌচাগার তৈরির কাজও শেষের পথে। তিনটি সাধারণ এবং একটি প্রতিবন্ধী-বান্ধব (দিব্যাঙ্গ) কাউন্টার-সহ নতুন বুকিং অফিস তৈরির কাজ চলছে।​উল্লেখ্য, বেলডাঙা, মুর্শিদাবাদ, ভাবতা, জিয়াগঞ্জ ও পিরতলা স্টেশনেও প্ল্যাটফর্ম সম্প্রসারণ, যাত্রী শেড ও বসার বেঞ্চ তৈরির কাজ চলছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, যাত্রীদের নিরাপদ, স্বচ্ছন্দ ও সময়নিষ্ঠ পরিষেবা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande