
শ্রীনগর, ২৫ আগস্ট (হি.স.) : জম্মু-কাশ্মীরের শ্রীনগরের পীরবাগ এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশ আবাসন (পুলিশ হাউজিং কর্পোরেশন)–এর সদর দফতরে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার এই অগ্নিকাণ্ডের জেরে ভবনের চতুর্থ তলার তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার এক অধিকারিকরা জানিয়েছেন, পুলিশ আবাসনের সদর দফতর যে ভবনে অবস্থিত, সেই ভবনের চতুর্থ তলায় আচমকাই আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
দমকল বিভাগের দ্রুত পদক্ষেপের ফলে আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়তে পারেনি। তবে আগুনের জেরে চতুর্থ তলার তিনটি ঘরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার সময় ভবনে কেউ ছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে আগুনের সূত্রপাত হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা অন্য কোনও কারণে আগুন লেগেছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস