
নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.) : 'দায়িত্ব নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার’ বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ির মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনা খারিজ করে তাঁর দফতর জানিয়েছে, গডকড়ি ওই মন্তব্য করেছিলেন তাঁর প্রতিষ্ঠিত লক্ষ্মণরাও মানকর ট্রাস্টের প্রসঙ্গে। এর সঙ্গে কোনও রাজনৈতিক পরিবর্তনের সম্পর্ক নেই।
গডকড়ির দফতরের তরফে মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, আদিবাসী এলাকায় একল বিদ্যালয় পরিচালনা করে লক্ষ্মণরাও মানকর ট্রাস্ট। ট্রাস্টের কাজকর্ম এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রসঙ্গেই গডকড়ি বলেছিলেন, তিনি এখন আগের মতো বেশি কাজ করতে পারছেন না। তাই নতুন প্রজন্মকে আরও দায়িত্ব নিয়ে এগিয়ে আসার সুযোগ দেওয়া প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কয়েকটি সংবাদমাধ্যম তাঁর বক্তব্যকে মূল প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে রাজনৈতিক মন্তব্য হিসেবে তুলে ধরেছে। বিষয়টি সম্পূর্ণ ভুল। গডকড়ির বক্তব্য স্পষ্টতই ট্রাস্টের কাজকর্ম এবং ভবিষ্যৎ নেতৃত্বের সঙ্গে সম্পর্কিত ছিল, এর কোনও রাজনৈতিক প্রেক্ষাপট ছিল না।
উল্লেখ্য, নাগপুরে আয়োজিত ‘একলব্য একল বিদ্যালয় শিক্ষক-পর্যবেক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠানে গডকড়ি বলেছিলেন, তিনি আগের মতো কাজ করতে পারছেন না এবং এখন নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে। এরপরই তাঁর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য