
বারাণসী, ২৫ আগস্ট (হি.স.) : টানা ভারী বৃষ্টিতে বড়সড় দুর্ঘটনা ঘটল উত্তর প্রদেশের বারাণসীতে। মঙ্গলবার ভোরে মান্ডুয়াডিহ থানা এলাকার চাঁদপুর ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে পোস্ট অফিসের কাছে একটি বাড়ির দেওয়াল আচমকা ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। মৃতদের নাম রবীন্দ্র মিশ্র (৬২) এবং তাঁর স্ত্রী প্রতিভা দেবী (৫৫)। জানা গিয়েছে, মৃত দম্পতি মূলত ঝাড়খণ্ডের গড়বা জেলার ডুমরিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে চাঁদপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় শ্রমিকের কাজ করতেন তাঁরা। তাঁদের ছেলে আনন্দও চাঁদপুরের একটি সংস্থায় কাজ করেন।
সোমবার রাতে আনন্দের নাইট ডিউটি ছিল। ভোরে কাজ শেষে বাড়ি ফিরে তিনি দেখতে পান, বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়েছে। ভিতরে ঢুকে তাঁর বাবা-মাকে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এনডিআরএফ কর্মীদের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে দু’জনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার মণ্ডুয়াডিহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় রাজ বর্মা জানান, দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টিতে দেওয়াল দুর্বল হয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস