
ভাগলপুর, ২৫ আগস্ট (হি.স.) : কোশি নদীর জলস্তর বাড়তে থাকায় বিহারের ভাগলপুর জেলার নবগছিয়া মহকুমার রংরা চক ব্লকে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। নদীর জল উপচে ব্লকের একাধিক এলাকায় ঢুকে পড়ায় বিপর্যস্ত জনজীবন। প্লাবিত হয়েছে রাস্তাঘাট, কৃষিজমি ও বসতবাড়ি। বন্যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সধুয়া চাপড়, মদরৌনী, সহোড়া-সহ আশপাশের এলাকায়। সধুয়া গ্রামের প্রধান সড়ক জলের তলায় চলে যাওয়ায় যান চলাচল কার্যত বন্ধ। ফলে বহু গ্রামের সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ক্রমশ জল ঢুকছে বসতিপূর্ণ এলাকাতেও। বহু বাড়ি ও উঠোন জলের তলায় চলে যাওয়ায় প্রাণ বাঁচাতে পরিবার, গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, এখনও পর্যন্ত পর্যাপ্ত প্রশাসনিক সহায়তা না মেলায় চরম দুর্ভোগে পড়েছেন বন্যাকবলিত মানুষ। বাধ্য হয়ে অনেকে কাটরিয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছেন। কেউ আবার ত্রিমুহানি বাঁধের উপর ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছেন। বন্যার জেরে দেখা দিয়েছে খাদ্য সংকট। গবাদি পশুর খাবারেও তান পড়েছে। দীর্ঘক্ষণ জলবন্দি অবস্থায় থাকায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের পাশাপাশি পশুপালকদেরও।
বন্যায় বিপর্যস্ত মানুষের দাবি, দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত নৌকার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে নিরাপদ স্থানে ত্রাণের জন্য রান্নাঘর চালু করে বন্যাকবলিত মানুষের খাবারের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস