
মুম্বই, ২৫ আগস্ট (হি.স.): মঙ্গলবার দিনের শুরুর দিকের ধারাবাহিক লোকসান সামলে লেনদেনের একদম শেষলগ্নে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল ভারতের শেয়ার বাজার। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে বড়সড় পতন এবং লেনদেনের শেষমুহূর্তে বিনিয়োগকারীদের শেয়ার কেনার হিড়িক মঙ্গলবার বাজারে ইতিবাচক প্রভাব ফিরিয়ে আনে। ফলে সূচকের ঊর্ধ্বমুখী অবস্থান দিয়েই দিনের লেনদেন শেষ করেছে সেনসেক্স ও নিফটি।
মঙ্গলবার দিনের বেশিরভাগ সময়ই দরপতনের মুখোমুখি হয়ে নেতিবাচক অবস্থানে ছিল শেয়ার বাজার। এক পর্যায়ে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ২৪৩.২ পয়েন্ট পর্যন্ত নেমে গিয়েছিল। তবে লেনদেনের শেষভাগে পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। ধাক্কা সামলে সেনসেক্স ২৮৬.৯৮ পয়েন্ট বেড়ে ৭৭,৬৫৬.০৯ অঙ্কে গিয়ে স্থির হয়। সেনসেক্সের পথ অনুসরণ করে ঘুরে দাঁড়িয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটিও। শেষলগ্নের শেয়ার কেনার ওপর ভর করে নিফটি ১১৫.৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪,৩৩৪.৫৫ পয়েন্টে পৌঁছায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ