
পশ্চিম বর্ধমান, ২৫ আগস্ট (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সারা রাজ্যে বাজারে সারপ্রাইজ ভিজিট শুরু করেছে টাস্ক ফোর্স। ব্যতিক্রম নয় আসানসোলের বাজারও। সবজি এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। জেলাশাসক এস. পোন্নমবলম জেলায় ইতিমধ্যেই ৪টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন। মঙ্গলবার আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলাশাসক আসানসোলের বিভিন্ন বাজার পরিদর্শন করেন। সেখানে তিনি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যাচাই করে দেখেন। এ দিন বাজার পরিদর্শনে ছিলেন ডিসি সেন্ট্রাল, এডিএম, আসানসোল পুরনিগমের কমিশনার-সহ কৃষি, কৃষি বিপণন, ক্রেতাসুরক্ষা এবং অন্যান্য দফতরের আধিকারিকেরাও।
জেলাশাসক জানিয়েছেন, কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। প্রশাসন সূত্রে খবর, আসানসোল-দুর্গাপুর পুরনিগম এলাকার জন্য দুটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। অন্যদিকে পুরনিগম এলাকার বাইরে সংশ্লিষ্ট মহকুমা শাসকের নেতৃত্বে আলাদা আলাদা টিম কাজ করবে। টাস্কফোর্স পাইকারি বাজারে সামগ্রীর ক্রয়মূল্য এবং খুচরো বাজারে সেই দ্রব্যের বিক্রয়মূল্যের তারতম্য পরীক্ষা করবে। কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো, কালোবাজারি হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ