
মুম্বই, ২৫ আগস্ট (হি.স.) : ইমরান হাশমির বহু প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ছবি ‘গানমাস্টার জি৯’-এর অফিসিয়াল টিজার প্রকাশ্যে এসেছে। আদিত্য দত্ত পরিচালিত এই ছবিতে ইমরান হাশমির সঙ্গে প্রধান ভূমিকায় রয়েছেন জেনেলিয়া ডিসুজা। টিজারে ইমরানকে একদিকে প্রেমের জন্য আবেগপ্রবণ চরিত্রে দেখা গিয়েছে, অন্যদিকে দেশের নিরাপত্তা সংক্রান্ত এক বিপজ্জনক মিশনে দুর্ধর্ষ অ্যাকশনে মাততে দেখা গিয়েছে তাঁকে।
টিজারে ইমরান অভিনীত ‘এজেন্ট জি৯’ ওরফে ঈশ্বরের চরিত্রের ঝলক দেখা গিয়েছে। সাধারণ জীবনে তাঁকে একেবারে স্বাভাবিক মানুষের মতো মনে হলেও, আড়ালে তিনি দেশের নিরাপত্তা সংক্রান্ত অত্যন্ত গোপন ও বিপজ্জনক একটি মিশনে কাজ করছেন। গুপ্তচরবৃত্তি, গুলির লড়াই এবং টানটান অ্যাকশনের পাশাপাশি ইমরান ও জেনেলিয়ার প্রেমের গল্পও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। টিজারে ইমরানের আবেগপ্রবণ অভিনয় এবং দুর্দান্ত অ্যাকশন দর্শকদের নজর কেড়েছে। ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে অপারশক্তি খুরানাকে। অ্যাকশন, রোম্যান্স ও গুপ্তচরবৃত্তির মিশেলে তৈরি ‘গানমাস্টার জি৯’ নিয়ে টিজার প্রকাশের পর দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। হিমেশ রেশমিয়া ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন। ছবিটি প্রযোজনা করেছে সোহম রকস্টার এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। আগামী ২৭ নভেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গানমাস্টার জি৯’।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস