
কলকাতা, ২৫ আগস্ট (হি. স.): পূর্ব রেলের সদর দফতরে মঙ্গলবার জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডের সভাপতিত্বে সাপ্তাহিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন পূর্ব রেলের সমস্ত PHOD, DRM এবং শাখা আধিকারিকেরা। বৈঠকে যাত্রী-নিরাপত্তা, সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা ফের স্মরণ করিয়ে দেন জেনারেল ম্যানেজার। পাশাপাশি, মুলতুবি থাকা পরিচালনাগত ও পরিকাঠামোগত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন তিনি।এদিন দায়িত্ব পালনে অসাধারণ সতর্কতার জন্য RPSF-এর ১২ ব্যাটালিয়নের ‘বি’ কোম্পানির CT মহিপাল সিং এবং কনস্টেবল হনুমান ধাঙ্কাকে প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করেন গীতিকা পাণ্ডে।উল্লেখ্য, গত ১৫ আগস্ট জসিডি রেল স্টেশনে কর্তব্যরত অবস্থায় ট্রেন চলে যাওয়ার পর আচমকা বিকট শব্দ শুনতে পান ওই দুই কর্মী। দ্রুত ঘটনাস্থল পরীক্ষা করে তাঁরা রেললাইনে ফাটল দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হলে প্রযুক্তিগত কর্মীরা পৌঁছে ফিশপ্লেট দিয়ে লাইনটি সুরক্ষিত করেন। ফলে ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন না ঘটিয়ে প্ল্যাটফর্মে আসা ট্রেনগুলির গতিপথ নিরাপদে পরিবর্তন করা সম্ভব হয়। তাঁদের তৎপরতা ও যাত্রী-নিরাপত্তার প্রতি নিষ্ঠার প্রশংসা করেন জেনারেল ম্যানেজার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত