
নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): ওনাম উপলক্ষে বুধবার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ দিন এক্স হ্যান্ডলে এক বার্তায় জানান, ওনাম কেরলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বহু প্রাচীন ঐতিহ্যকে প্রতিফলিত করে। তিনি প্রার্থনা করেন, এই উৎসব যেন প্রতিটি ঘরে সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনে এবং সমাজে পারস্পরিক মেলবন্ধন, ঐক্য ও আশার চেতনাকে আরও সুদৃঢ় করে।
উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন-ও সবাইকে ওনামের শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, এই উৎসব যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, ওনামের আনন্দ যেন প্রতিটি পরিবারে শান্তি, সমৃদ্ধি এবং নতুনের সূচনা করে। তিনি উল্লেখ করেন, এই শুভ উৎসব ঐক্যের বন্ধনকে আরও শক্ত করার পাশাপাশি জীবনকে আনন্দ ও শান্তিতে ভরিয়ে তুলুক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কেরলবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রার্থনা করেন, ওনামের এই আনন্দের মুহূর্ত যেন সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ওনামকে কেরলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐতিহ্যের উদযাপন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই উৎসব মানুষকে আনন্দ ও উল্লাসে একসূত্রে বাঁধে এবং ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক মেলবন্ধনের ভাবনাকে উৎসাহিত করে। ওনামকে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ও ফসল কাটার উৎসব হিসেবে বর্ণনা করে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, এই উৎসব সকলের জন্য আনন্দ, নতুন সূচনা এবং সমৃদ্ধি বয়ে আনুক।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশের কৃষক সমাজকে ওনামের শুভেচ্ছা জানান এবং ফসলের জন্য প্রার্থনা করেন। তিনি বলেন, ওনামের মূল চেতনা মানুষের জীবনকে আশা, আনন্দ ও সম্প্রীতিতে ভরিয়ে তুলুক।
কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও অন্নদাতা কৃষকদের ওনামের শুভেচ্ছা জানান। প্রার্থনা করেন, সকলের ওপর ভগবান বিষ্ণু ও রাজা মহাবলীর আশীর্বাদ বর্ষিত হোক।
কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া ওনামকে সবুজ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বর্ণনা করেন। এই উপলক্ষ্যে দেশবাসীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং দেশবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও মজবুত হোক।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশবাসী ও কৃষকদের সমৃদ্ধ ভারতীয় সংস্কৃতি, লোক ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতির মহোৎসব ওনামের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি প্রার্থনা করেন, এই পবিত্র উৎসব যেন সকলের জীবনে সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও আনন্দ নিয়ে আসে। দেশের ঐক্য ও সাংস্কৃতিক গৌরবকে আরও সুদৃঢ় করে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ওনাম উপলক্ষ্যে দিল্লিবাসীদের ও সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সমৃদ্ধি ও একতার এই উৎসব প্রতিটি ঘরে শান্তি, আনন্দ ও সুখ নিয়ে আসুক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ