
বাঁকুড়া, ২৭ আগস্ট (হি স)। শ্রীশ্রী মা সারদা দেবীর পুণ্য জন্মভূমি বাঁকুড়াবাসীকে আমার আন্তরিক প্রণাম! বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন, রাখী তো শুধু সুতো নয়.. এক আশীর্বাদ, যুগ যুগ ধরে বাংলার আঙিনায় এভাবেই বোনা হয় আপনজনের বন্ধন।
শিল্প যখন ভালোবাসার ভাষা হয়ে ওঠে, তখন সে আর নিছক কারুকাজ থাকে না, হয়ে ওঠে হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে দেওয়া এক নিঃশব্দ প্রণাম।
বাংলার মাটি ও বাঁকুড়ার ঐতিহ্যের গর্ব টেরাকোটা শিল্প।
বাঁকুড়ার তালডাংরার মা, বোন ও দিদিদের কাছ থেকে যে স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ পেলাম, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বাঁকুড়ার লাল মাটির ঘ্রাণ, মাটির শিল্পীদের সৃজনশীলতা এবং তাঁদের ভালোবাসা আমাকে সবসময়ই মুগ্ধ করে। আপনাদের নিজেদের হাতে তৈরি এই অপূর্ব সুন্দর টেরাকোটার রাখী আমার কাছে শুধুমাত্র একটি উপহার নয় এটি আপনাদের স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদের এক অমূল্য প্রতীক।
আপনাদের ভালোবাসাই আমার চলার পথে অনুপ্রেরণা। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আপনাদের জীবনে আরও সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্য আসুক এই কামনা করি। সরকারের এই উদ্যোগ আপনাদের মুখে হাসি ফুটিয়েছে দেখে আমরাও আনন্দিত।
আপনাদের এই ভালোবাসার উপহার আমি আন্তরিকতার সাথে গ্রহণ করলাম। আপনাদের সকলের প্রতি রইল আমার কৃতজ্ঞতা এবং আগাম রাখীবন্ধনের শুভেচ্ছা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত