
কলকাতা, ২৭ আগস্ট (হি. স.): রেললাইনে দাঁড়িয়ে রিল তৈরি করা এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলার বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে পূর্ব রেল। জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডের নির্দেশে রেলওয়ে সুরক্ষা বাহিনীকে (আরপিএফ) এই ধরনের ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্ব রেলের আইজি সহ প্রধান মুখ্য নিরাপত্তা কমিশনার অমিয় নন্দন সিনহা সমস্ত বিভাগে রেললাইনে অনধিকার প্রবেশ এবং বিপজ্জনকভাবে রিল প্রস্তুতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছেন।
রেলের তরফে বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত রেল সুরক্ষা বাহিনী রেল আইনের ১৪৭ ধারা অনুযায়ী ৮২৮টি মামলা দায়ের করেছে। হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং মালদা ডিভিশনে ৮১৩টি মামলা চিহ্নিত করে ৮৫৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
এই সময়কালে ৬,৬০৮টি জরিমানা সংক্রান্ত মামলাও নথিভুক্ত করা হয়েছে। এই মামলাগুলিতে আদালত মোট ৩ লাখ ১৮ হাজার ২২০ টাকা জরিমানা ধার্য করেছে, এবং অন্যান্য ক্ষেত্রে মোট ৩৩ লাখ ১২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আসানসোল ডিভিশনে ১৫২টি মামলা দায়ের হয়েছে এবং সবকটি ব্যবস্থার আওতায় এনে ১৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ৫৬১টি জরিমানা সংক্রান্ত মামলায় ৯০,৯০০ টাকা আদালত জরিমানা এবং ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা হিসেবে আদায় হয়েছে। হাওড়া ডিভিশনে ৯৬টি মামলা নথিভুক্ত হয়েছে এবং ৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে ৩,৪৬৮টি জরিমানা সংক্রান্ত মামলায় ৫১,৩২০ টাকা আদালতের জরিমানা এবং ১৭ লাখ ৩৩,৯০০ টাকা আদায় হয়েছে।
মালদা ডিভিশনে ২৯৮টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ২৮৮টি চিহ্নিত করে ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে। ১,১৪৫টি জরিমানা সংক্রান্ত মামলায় ৩৭,৫০০ টাকা আদালত জরিমানা এবং ৫ লাখ ৭৮,৫০০ টাকা আদায় হয়েছে। শিয়ালদহ ডিভিশনে ২৮২টি মামলা নথিভুক্ত করে ২৭৭টি চিহ্নিত করা হয়েছে এবং ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে ১,৪৩৪টি জরিমানা সংক্রান্ত মামলায় ১ লাখ ৩৮,৫০০ টাকা আদালতের জরিমানা এবং ৭ লাখ ১৮,৫০০ টাকা জরিমানা আদায় হয়েছে।
রেল কর্তৃপক্ষের মতে, যাত্রী ও রেললাইনের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষের ট্র্যাকে অনধিকার প্রবেশ দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, যেকোনো সোশ্যাল মিডিয়া রিল বানানো বা শর্টকাটের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলা একেবারেই অনুচিত। তিনি জনসাধারণকে নিরাপদ ওভারব্রিজ ও নির্ধারিত পথ ব্যবহারের জন্য আবেদন জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি