
কলকাতা, ২৭ আগস্ট (হি. স.) : ইডেন গার্ডেন্সের ইন্ডোর ফ্যাসিলিটিতে বৃহস্পতিবার সিনিয়র পুরুষ দলের অনুশীলন হল। প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লের তত্ত্বাবধানে চলেছে প্রস্তুতি। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি কোচ সুরেন্দ্র ভাবে। এদিন অনুশীলনে বিশেষ নজর ছিল বোলিং বিভাগেও। ‘ভিশন ২০২৮’-এর প্রধান এবং ফাস্ট বোলিং কোচ অশোক দিন্দার উপস্থিতিতেই পেসারদের নিয়ে কাজ করা হয়েছে। এর পাশাপাশি ‘ভিশন ২০২৮’ - এর স্পিন বোলিং কোচ উৎপল চট্টোপাধ্যায় ও স্পিনারদের নিয়ে আলাদাভাবে সময় দেন।
সিনিয়র দলের সাপোর্ট স্টাফদের উপস্থিতিতেই এ দিনের অনুশীলন পর্ব পুরোদমেই চলেছে। আগামী দিনের প্রতিযোগিতামূলক ক্রিকেটের কথা মাথায় রেখে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং - তিন বিভাগেই জোর দেওয়া হয়। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের দক্ষতা আরও শানিয়ে নেওয়া এবং সিনিয়র দলের চাহিদার সঙ্গে তাঁদের মানিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব পায়।
উল্লেখ্য, - 'ভিশন ২০২৮’ পরিকল্পনাকে সামনে রেখে বাংলা ক্রিকেটে আগামী প্রজন্মের ক্রিকেটার তুলে আনার যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই অনুশীলন তার গুরুত্বপূর্ণ অংশ। সিনিয়র দলের কোচিং ও সাপোর্ট স্টাফদের সঙ্গে একসঙ্গে কাজ করার ফলে ক্রিকেটারদের প্রস্তুতিও আরও পরিণত হবে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত