
কলকাতা, ২৭ আগস্ট (হি. স. ) : নেপালে আচমকা নেমে আসা বিধ্বংসী হড়পা বানে ব্যাপক প্রাণহানি ও চরম ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক এবং উদ্বেগ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দুর্যোগে যাঁরা স্বজনহারা হয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি বিপদের এই দিনে নেপালের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, নেপালের বিপুল সংখ্যক ঘরবাড়ি, জনপদ ও পরিকাঠামোর এই ধ্বংসলীলা অত্যন্ত বেদনাদায়ক। বিপর্যয়ের এই কঠিন মুহূর্তে নেপালের সাধারণ মানুষের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে তিনি উল্লেখ করেন, যে সমস্ত উদ্ধারকারী ও ত্রাণকর্মী প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জীবন বাজি রেখে কাজ চালিয়ে যাচ্ছেন, তাঁদের এই প্রচেষ্টা নিঃসংকোচে প্রশংসনীয়।
একই সঙ্গে, দুর্যোগে আহত ব্যক্তিদের আরোগ্য কামনা করেছেন তিনি। উদ্ধার অভিযান চলার পাশাপাশি এখনও যে সমস্ত মানুষ আটকে রয়েছেন কিংবা নিখোঁজ, তাঁরা যেন দ্রুত ও নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন সেই প্রার্থনাও করেছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত