
নৈনিতাল, ২৭ আগস্ট (হি.স.) : উত্তরাখণ্ডের নৈনিতালের কাছে জিয়োলিকোট ও সংলগ্ন এলাকায় দূষিত জলের কারণে ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। গত ছয়-সাত দিনে প্রায় ৬০ থেকে ৬৫ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করার পরিস্থিতি তৈরি হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিয়ে এলাকার প্রাক্তন উপপ্রধান হিমাংশু পাণ্ডের নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধিদের একটি দল জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
স্মারকলিপির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে জেলাশাসক জল সংস্থান দফতর এবং জল নিগমের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে এলাকায় দূষিত জলের সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি অসুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানানো হয়। জেলাশাসকের দ্রুত পদক্ষেপের জন্য এলাকার মানুষের পক্ষ থেকে জনপ্রতিনিধিরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্মারকলিপি প্রদানকারী প্রতিনিধি দলে কংগ্রেসের জিয়োলিকোট-খুরপাতাল ব্লক সভাপতি রাজেন্দ্র সিং কোটলিয়া, গ্রামপ্রধান নবল কুমার, উপপ্রধান মনোজ বরগলি, ক্ষেত্র পঞ্চায়েত সদস্য মনোজ চনিয়াল, সূরজ পাণ্ডে, নীতিন কুমার, প্রশান্ত কুমার এবং হরিশ পাণ্ডে-সহ অন্যান্যরা ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস