
কানপুর, ২৭ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের দফতরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এক পুলিশকর্মী দফতরের ছাদ থেকে ঝাঁপ দেওয়ায় গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, পুলিশকর্মী অঙ্কিত দেশওয়াল বৃহস্পতিবার সকালে আধিকারিকদের সঙ্গে দেখা করতে পুলিশ সুপারের দফতরে পৌঁছেছিলেন। সেখানেই কোনও এক সময় তিনি দফতরের ছাদে উঠে ঝাঁপ দেন। ঘটনাটি জানতে পেরে পুলিশ আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। সম্প্রতি অঙ্কিত দেশওয়ালের পোস্টিং পুলিশ লাইনে করা হয়েছিল। তবে তিনি কেন এমন করলেন, তার কোনও স্পষ্ট কারণ এখনও জানা যায়নি।
পুলিশ সুপার শ্রদ্ধা নরেন্দ্র পাণ্ডে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ওই পুলিশকর্মীর এই পদক্ষেপের পেছনে কী কারণ রয়েছে, তদন্ত শেষ হওয়ার পরই তা স্পষ্ট হবে। আহত অঙ্কিতের চিকিৎসা চলছে হাসপাতালে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস