রাজ্য সরকারের উদ্যোগে উদযাপিত হবে রাখি বন্ধন: ২৫ লক্ষের বেশি রাখি পরানোর লক্ষ্য, বাজেট ছুঁল প্রায় ৯ কোটি টাকা
কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): আগামী শুক্রবার রাজ্যজুড়ে জমকালো আয়োজনে উদযাপিত হতে চলেছে রাখি বন্ধন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই উৎসব উদযাপন ও বিভিন্ন কর্মসূচি পরিচালনার জন্য মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকার বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে। উৎসবের
শুভেন্দু অধিকারী (ফাইল ফটো)


কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): আগামী শুক্রবার রাজ্যজুড়ে জমকালো আয়োজনে উদযাপিত হতে চলেছে রাখি বন্ধন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই উৎসব উদযাপন ও বিভিন্ন কর্মসূচি পরিচালনার জন্য মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকার বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে। উৎসবের দিন সমগ্র রাজ্যজুড়ে প্রায় ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে কেবল রাখি ক্রয়ের জন্যই খরচ ধরা হয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা।

শুক্রবার সকাল ১০টায় কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক মূল রাখি বন্ধন অনুষ্ঠান। কলকাতা পুরসভার পরিচালনায় আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২,৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এ ছাড়াও যাদবপুরে আয়োজিত অপর একটি রাখি বন্ধন উৎসবেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

সরকারি বরাদ্দ অনুযায়ী, রাজ্যের ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েতের জন্য সর্বাধিক ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ২২টি জেলা সদরের জন্য দেওয়া হচ্ছে মোট ২২ লক্ষ টাকা। পাশাপাশি জিটিএ এবং কলকাতা পুরসভার মূল প্রশাসনিক অনুষ্ঠানের জন্য ১ লক্ষ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের জন্য ২৮ লক্ষ ৮০ হাজার টাকা, ৬টি পুরনিগমের জন্য ৬ লক্ষ টাকা এবং ১২১টি পুরসভার জন্য মোট ১ কোটি ২১ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ৪৫টি মহকুমার জন্য ১১ লক্ষ ২৫ হাজার টাকা এবং ৩৪৫টি ব্লকে উৎসব পালনের জন্য ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা বণ্টন করা হয়েছে।

রাজ্যে ক্ষমতার পটপরিবর্তনের পর এই প্রথম এত বৃহৎ পরিসরে সরকারি উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে—প্রেম, সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য এবং জাতীয়তাবোধের বন্ধনকে সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক স্তরে এই বিশেষ উৎসব উদযাপিত হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande