
নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): নেপালের উত্তর সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলিতে ভয়াবহ বন্যা ও বিপর্যয়ে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ত্রাণ সহায়তারও ঘোষণা করা হয়েছে পরিষদ-এর পক্ষ থেকে।
এক বার্তায় বিশ্ব হিন্দু পরিষদ জানায়, তিব্বত-নেপাল সীমান্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে রসুয়ার ভোটেকোশি নদীতে হঠাৎ সৃষ্টি হওয়া তীব্র জলোচ্ছ্বাসে ব্যাপক প্রাণহানি ও বিপুল সম্পত্তি ক্ষতির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই বিপদের দিনে ভিএইচপি এবং সমগ্র হিন্দু সমাজ নেপালের জনগণ, শোকার্ত পরিবার ও দুর্গত মানুষদের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি কৈলাশ মানসসরোবর যাত্রায় যাওয়া তীর্থযাত্রীদের সুরক্ষার বিষয়টি নিয়েও ভিএইচপি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারত সরকার ইতিমধ্যেই যে সমস্ত সাহায্য পাঠাচ্ছে, তার পাশাপাশি ভারতীয় সমাজের পক্ষ থেকেও ত্রাণসামগ্রী ও আর্থিক সাহায্য সংগ্রহ করে দুর্গত অঞ্চলে পীড়িতদের কাছে দ্রুত পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, নেপালের রসুয়া ও সংলগ্ন এলাকাগুলিতে বুধবার সকালে ভোটেকোশি নদীতে হঠাৎ নেমে আসা ধ্বংসাত্মক হড়পা বানে এ পর্যন্ত অন্তত ১৫৭ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৭০০ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি