
বীরভূম, ২৭ আগস্ট (হি.স.): এলাকায় বেআইনি চোলাই মদের ব্যবসা পুরোপুরি বন্ধ করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। বৃহস্পতিবার সকালে সিউড়ি-সাঁইথিয়া সড়কের সাঁইথিয়ার বাগডোলা মোড়ে রাস্তা অবরোধ হয়। দেরিয়াপুর পঞ্চায়েত এলাকার মহিলারা একজোট হয়ে এ দিন সকাল থেকেই রাস্তায় বসে পড়েন। যার জেরে দিনের ব্যস্ত সময়ে স্তব্ধ হয়ে যায় যান চলাচল।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি চোলাইয়ের কারবার। চোলাই মদ খেয়ে অনেকে প্রাণ হারাচ্ছেন। বহু যুবক নেশায় আসক্ত হয়ে যাচ্ছেন। তাঁদের এও অভিযোগ, আগে পুলিশ-প্রশাসনকে জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। বরং এলাকায় চোলাইয়ের ব্যবসা বন্ধ হওয়ার বদলে ক্রমেই তা অনিয়ন্ত্রিত হয়ে উঠেছে। এলাকায় চোলাইয়ের ব্যবসা বন্ধ না করলে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান মহিলারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ