শান্তিপুরে নদীতে তলিয়ে নিখোঁজ যুবক, তল্লাশি জারি
নদিয়া, ২৭ আগস্ট (হি.স.): ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী। বুধবারই বেশ ধুমধাম করে আয়োজন করা হয়েছিল তাঁর সাধভক্ষণের অনুষ্ঠান। আনন্দের রেশ কাটার আগেই নেমে এল ঘোর অন্ধকার। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই গঙ্গায় গিয়ে তলিয়ে গেলেন ওই মহিলার স্বামী। তাঁর বাড়ি শান্তিপ
শান্তিপুরে নদীতে তলিয়ে নিখোঁজ যুবক, তল্লাশি জারি


নদিয়া, ২৭ আগস্ট (হি.স.): ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী। বুধবারই বেশ ধুমধাম করে আয়োজন করা হয়েছিল তাঁর সাধভক্ষণের অনুষ্ঠান। আনন্দের রেশ কাটার আগেই নেমে এল ঘোর অন্ধকার। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই গঙ্গায় গিয়ে তলিয়ে গেলেন ওই মহিলার স্বামী। তাঁর বাড়ি শান্তিপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড এলাকায়।

এ দিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বাড়িতে স্ত্রীর সাধভক্ষণের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার ভোরে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে তিনি শান্তিপুরের নৃসিংহপুর কালনাঘাট ফেরিঘাট এলাকায় চা খেতে যান। সেসময় তিনি ভাগীরথী নদীতে নামেন। সঙ্গে সঙ্গে নদীর স্রোতে তলিয়ে যান ওই যুবক। ঘটনার খবর পেয়েই পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। নিখোঁজ যুবকের খোঁজে নদীতে নামানো হয় ডুবুরিদের। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি জারি আছে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande