নেপালের বন্যা নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে খাড়গের চিঠি, ত্রাণ ও ভারতীয়দের নিরাপদে ফেরানোর দাবি
নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): নেপালে ভয়াবহ বন্যার জেরে তৈরি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পৃথক চিঠি লিখলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্
নেপালের বন্যা নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে খাড়গের চিঠি, ত্রাণ ও ভারতীয়দের নিরাপদে ফেরানোর দাবি


নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): নেপালে ভয়াবহ বন্যার জেরে তৈরি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পৃথক চিঠি লিখলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে নেপালে আটকে থাকা ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের দ্রুত নিরাপদে দেশে ফেরাতে পদক্ষেপ করার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের কাছে মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা পৃথক চিঠিতে নেপাল সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজন অনুযায়ী জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর দল পাঠানো এবং উদ্ধার, নিরাপদে সরিয়ে নেওয়া ও ত্রাণ অভিযানে সহযোগিতার দাবি জানিয়েছেন খাড়গে।

শনিবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে নেপালে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন খাড়গে। তিনি বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বন্যায় ৫০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ১,০০০ জন এখনও নিখোঁজ। এই বিপর্যয়ের ফলে হাজার হাজার মানুষ খাদ্য, ওষুধ এবং আশ্রয়ের মতো মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত।

খাড়গে প্রধানমন্ত্রীকে আবেদন জানান, নেপাল সরকারের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পর্যাপ্ত মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছনোর ব্যবস্থা করা হোক। এই কঠিন সময়ে নেপালের মানুষের পাশে থেকে ভারতকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করা উচিত বলেও জানান তিনি।

নেপালে আটকে থাকা ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন খাড়গে। চিঠিতে তিনি জানান, বন্যার কারণে নেপালের বিভিন্ন এলাকায় ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতরা আটকে রয়েছেন। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ দ্রুত করার আবেদন জানান তিনি।

বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্যের উল্লেখ করে খাড়গে বলেন, নেপালে এখনও ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁদের দ্রুত এবং নিরাপদে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা পৃথক চিঠিতে নেপালের বন্যায় বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া, ঘরবাড়ি ও পরিকাঠামোর ক্ষয়ক্ষতি এবং মানুষের বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি তুলে ধরেন খাড়গে। ভারত ও নেপালের মানুষের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সংকটের সময়ে ভারতের উচিত নেপালের মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো।

খাড়গে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেপালকে অবিলম্বে ব্যাপক মানবিক ও বিপর্যয় মোকাবিলা সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনার আবেদন জানান। বিশেষ করে নেপাল সরকারের সঙ্গে সমন্বয় করে যেখানে প্রয়োজন, সেখানে এনডিআরএফের দল পাঠানোর দাবি জানান তিনি।

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা এবং উদ্ধার ও ত্রাণ অভিযান পরিচালনায় এনডিআরএফের বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে খাড়গে বলেন, নেপালে উদ্ধার, মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং ত্রাণকাজে এনডিআরএফের দল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

নেপালের পরিস্থিতির কথা বিবেচনা করে মানবিক সংকটের গুরুত্ব ও জরুরি প্রয়োজন অনুযায়ী ভারত সরকারকে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানান খাড়গে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande