
বাগডোগরা, ৩ আগস্ট (হি. স.): শ্রম ও পরিবহণ দপ্তরের মন্ত্রী সোমবার দার্জিলিং-কালিম্পংয়ের সিঙ্কোনা ডিরেক্টরেট পরিদর্শন করেন। সেখানে তিনি বর্তমানে চালু থাকা বহুমুখীকরণ কর্মসূচি এবং শ্রমিকদের কল্যাণ সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন। তাঁর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, প্রতিমন্ত্রী বিশাল লামাসহ অন্যান্যরা। এদিন প্রতিনিধি দলটি হার্বাল হেভেন, সিঙ্কোনা নার্সারি, সিম্বিডিয়াম অর্কিড নার্সারি, কিউই বাগান, কমলালেবুর গ্রাফটিং কেন্দ্র এবং স্ট্রবেরি নার্সারি পরিদর্শন করে। ঐতিহ্যবাহী কুইনাইন উৎপাদনের পাশাপাশি ঔষধি গাছ, ফুলচাষ ও উদ্যানপালনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
এরপরে পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ, সাংসদ রাজু বিস্তা, প্রতিমন্ত্রী বিশাল লামা, বিমল গুরুং, বিধায়ক, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, দার্জিলিংয়ের জেলাশাসক, জিটিএ-র মুখ্যসচিব এবং প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মজুরি ও চাকরির শর্ত সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরা হলে মন্ত্রী শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার আশ্বাস দেন। ২০১২ সাল থেকে মহার্ঘ ভাতা (ডিএ) স্থগিত থাকার বিষয়টিও খতিয়ে দেখার কথা জানান। এর পাশাপাশি যোগ্য শ্রমিকদের প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই) এবং অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
বৈঠকে জানা যায়, সিঙ্কোনা ডিরেক্টরেটের অধীনে থাকা চারটি কারখানা বর্তমানে বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেগুলি পুনরায় চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী। পাহাড়ে সিঙ্কোনা শিল্পের পুনরুজ্জীবন, বহুমুখীকরণ এবং শ্রমিক কল্যাণে রাজ্য সরকারের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত