
কলকাতা, ৩ আগস্ট (হি. স.): পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সচেতনতা বাড়াতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কলকাতায় ৩২টি পরিবেশবান্ধব বায়ো-টয়লেটের উদ্বোধন করা হয়েছে। শহরের স্যানিটেশন ব্যবস্থায় এটি এক নতুন সংযোজন।
কলকাতার জনপরিসরে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা আরও উন্নত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩২টি পরিবেশবান্ধব বায়ো-টয়লেট চালু করা হলো। রামেসিস আরপিএল এবং আর্টেমিস ফাউন্টেন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সোমবার পার্ক সার্কাস মোড়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।
উল্লেখ্য, এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘দ্য টয়লেট ম্যান অব বেঙ্গল’ নামে পরিচিত রামেসিস আরপিএল-এর ডিরেক্টর ড. অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, আর্টেমিস ফাউন্টেন ফাউন্ডেশনের ট্রাস্টি অর্পিতা রায়, কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিক, প্রশাসনের প্রতিনিধিরা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার শ্রী নন্দ জানান যে, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের পরিকাঠামোর গুরুত্ব অপরিসীম। উদ্যোক্তাদের তরফেও দাবি করা হয়, আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে নির্মিত এই বায়ো-টয়লেটগুলি বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে, স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলবে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমাবে। শহরের জনবহুল এলাকাগুলিতে এই পরিকাঠামো সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
‘দ্য টয়লেট ম্যান অব বেঙ্গল’-এর দীর্ঘদিনের সামাজিক উদ্যোগকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। উদ্যোক্তাদের আশা, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে গড়ে ওঠা এই উদ্যোগ পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ কলকাতা গঠনের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত