
ঝাড়গ্রাম, ৩ আগস্ট (হি.স.): আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সফরকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। সোমবার ঝাড়গ্রামে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি বিশেষ প্রস্তুতি বৈঠক করেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। বৈঠকে মুখ্যমন্ত্রীর কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের যাতায়াতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠানটি ঝাড়গ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই দিনে 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিও পালন করা হবে। জাতীয় পতাকার মাধ্যমে দেশপ্রেম ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচিকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই গোটা ঝাড়গ্রাম শহর জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হবে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় এবং সরকারি ভবনগুলিকে তিরঙ্গার রঙে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, “আগামী ৯ আগস্ট মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসবেন। তাঁর সফরের আগে যাতে কোনও ধরনের ত্রুটি বা ঘাটতি না থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতেই আজ জেলা প্রশাসনের সঙ্গে প্রস্তুতি বৈঠক করা হয়েছে।” পাশাপাশি তিনি আরও জানান, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের পাশাপাশি সেদিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিও পালিত হবে। এই কর্মসূচিতে সকলের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশেষ করে আদিবাসী সমাজের ভাই-বোনেরা যেন জাতীয় পতাকা হাতে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জঙ্গলমহলের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো