
কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকার অন্তর্গত নিরাশ্রয় নারী ও শিশু সেবা ভবনের ‘বয়েজ উইং’-এর উদ্যোগে আয়োজিত ‘একটি গাছ মায়ের নামে’ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধি। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি একটি চারা গাছ রোপণ করেছেন এবং সবুজায়নের পক্ষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে শুরু হওয়া এই উদ্যোগ কেবল বৃক্ষরোপণের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মা, মাটি এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতারও এক প্রতীকি প্রকাশ। এদিন অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল নিরাশ্রয় শিশুদের সঙ্গে তাঁর সময় কাটানো। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ, স্বপ্ন ও আন্তরিকতা তাঁকে অনুপ্রাণিত করেছে বলেও তিনি জানিয়েছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী দিনের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সমাজের প্রতিটি মানুষের সক্রিয় ভূমিকার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানের শেষে সকলের উদ্দেশে তাঁর বার্তা ছিল, প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করলে প্রকৃতি যেমন সুরক্ষিত হবে, তেমনই আগামী প্রজন্মের জন্য আরও সবুজ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত