নিউ হারাঙ্গাজাওয়ে রেললাইন মেরামত অব্যাহত, আরও দুই এক্সপ্রেস বাতিল
একাধিক ট্রেনের সময়সূচিতে বড় পরিবর্তন, আগষ্টের শেষে পাহাড় রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে
রেললাইন সারাইয়ের কাজ চলছে


হাফলং (অসম), ৩ আগস্ট (হি স) : লামডিং বদরপুর পাহাড় লাইনে আগষ্ট মাসের শেষে রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড় লাইনের নিউ হারাঙ্গাজাও রেলস্টেশনের কাছে রেললাইনের (লাইন-১ ও লাইন-২) মাটি বসে যাওয়ার ঘটনায় লামডিং–বদরপুর পাহাড়ি রেলপথে স্বাভাবিক ট্রেন চলাচল এখনও ব্যাহত রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় রেলপথ মেরামতির কাজ চালিয়ে যাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ । তবে মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়ায় মঙ্গলবার ও বুধবার আরও দুটি এক্সপ্রেস ট্রেন বাতিল এবং সাতটি ট্রেনের যাত্রার সময় পুনর্নির্ধারণের ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত লাইন-১ ও লাইন-২ এখনও পরিষেবার উপযোগী না হওয়ায় বর্তমানে লামডিং–বদরপুর পাহাড়ি রেলপথে ট্রেন চলাচল শুধুমাত্র লাইন-৩ দিয়ে পরিচালিত হচ্ছে। প্রতিটি ট্রেনকে কঠোর নিরাপত্তা বিধি মেনে সীমিত গতিতে চলাচল করানো হচ্ছে এবং রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ সার্বক্ষণিকভাবে রেলপথের অবস্থা পর্যবেক্ষণ করছেন। তবে লামডিং বদরপুর পাহাড় লাইনে রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠতে আরো কিছুটা সময় লাগবে। চলতি মাসের শেষে পাহাড় লাইনে সম্পূর্ণ রেল চলাচল স্বাভাবিক হয়ে উঠার সম্ভাবনা রয়েছে সোমবার এমনটাই জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। ঘোষণা অনুযায়ী, ৪ আগস্ট যাত্রা শুরু করার কথা থাকা ১৫৬১৫ গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস এবং ৫ আগস্টের ১৫৬১৬ শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এছাড়া ১৫৬৫০ নারেঙ্গি–আগরতলা, ১৫৬৪৯ আগরতলা–নারেঙ্গি, ১৫৬০৯ গুয়াহাটি–সাইরাং, ১৫৬১০ সাইরাং–গুয়াহাটি, ১৫৬১১ রাঙ্গিয়া–শিলচর, ১৫৬১২ শিলচর–রাঙ্গিয়া এবং ১৫৬২৮ শিলচর–কোয়েম্বাটুর এক্সপ্রেস-এর যাত্রার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ১৫৬২৫ দেওঘর–আগরতলা এক্সপ্রেস পথে পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে নিউ হারাঙ্গাজাও স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি ধসে বসে যাওয়ায় পাহাড়ি রেলপথে সংকটের সৃষ্টি হয়েছে। এরপর থেকেই রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট, ঢাল স্থিতিশীল করা এবং রেললাইন নিরাপদ করার কাজ অব্যাহত রেখেছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রেলপথ মেরামতির কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ সময়সূচি যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনে আরও অপারেশনাল পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন উত্তর পূৰ্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ অধিকারিক কে কে শর্মা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande