
কলকাতা, ৩ আগস্ট (হি.স.): সাইবার অপরাধে যুক্ত থাকার অভিযোগে শিয়ালদহ স্টেশন থেকে তিন জনকে গ্রেফতার করেছে শিয়ালদহ জিআরপির আধিকারিকরা। রেল পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকে রাজস্থানের জয়পুরের বাসিন্দা।
ধৃতদের বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে।
সূত্রের খবর, রাজস্থানেই সাইবার সংক্রান্ত মামলায় নাম জড়ায় এই তিন জনের। তদন্তে নামে সেখানকার পুলিশ। এর পরেই গোপন সূত্রে পুলিশ জানতে পারে, কলকাতা থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে তিন জন।
সূত্রের খবর, শিয়ালদহ স্টেশন থেকে দমদমের উদ্দেশে ট্রেন ধরে কলকাতা বিমানবন্দর হয়ে মায়ানমার বা কম্বোডিয়ায় পালানোর চেষ্টা করছিল তারা। রাজস্থান পুলিশের সাইবার অপরাধ-দমন বিভাগের আধিকারিকরা খোঁজ পেয়ে শিয়ালদহে আসে। শিয়ালদহ জিআরপির আধিকারিকদের নিয়ে যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, সোমবার শিয়ালদহ আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে রাতের ট্রেনে ধৃতদের রাজস্থানে নিয়ে যাওয়ার কথা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত