
কলকাতা, ৩ আগস্ট (হি.স.): আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র নতুন বিশেষ তদন্তকারী দল (এসআইটি) সোমবারে হাসপাতালে পৌঁছে অকুস্থল পরিদর্শন করল। তদন্তকারী দলটি জরুরি বিভাগ ভবনে গিয়ে ঘটনাস্থল অত্যন্ত খতিয়ে দেখে।
সিবিআই-এর যুগ্ম অধিকর্তা অনুরাগ কুমারের নেতৃত্বে তদন্তকারী দলটি সোমবার বিকেলে হাসপাতালে পৌঁছায়। অকুস্থল পরিদর্শনের পর আধিকারিকরা নিজেদের মধ্যে মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হাসপাতালের সুপার ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, সিবিআই-এর পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দলটি জরুরি বিভাগ পরিদর্শনের পাশাপাশি ঘটনাস্থল খতিয়ে দেখে প্রয়োজনীয় পর্যালোচনাও করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিবিআই শিয়ালদহ আদালতে মামলার তদন্ত সংক্রান্ত কেস স্টেটাস রিপোর্ট পেশ করেছিল। সেই সময় কেন্দ্রীয় সংস্থার তরফে আদালতকে জানানো হয়, মামলার তদন্তের দায়িত্ব এখন নতুন তদন্তকারী আধিকারিক (আইও)-কে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মামলার আইও ছিলেন সীমা পাহুজা, তাঁর জায়গায় এখন দায়িত্ব পেয়েছেন সন্দীপনী গর্গ। পাশাপাশি আদালতকে জানানো হয়েছিল যে, কেস ডায়েরি সহ প্রায় এক হাজার পৃষ্ঠার নথিপত্র নতুন তদন্তকারী দল বিস্তারিতভাবে পর্যালোচনা করছে। আর সেই কারণেই সিবিআই আদালতের কাছে অতিরিক্ত সময় প্রার্থনা করেছিল।
আদালতের নির্দেশে গঠিত এই নতুন তদন্তকারী দলটির নেতৃত্বে রয়েছেন যুগ্ম অধিকর্তা অনুরাগ কুমার। এই দলে আরজি কর হাসপাতালের আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলার তদন্তকারী আধিকারিক মণীশ উপাধ্যায়ও রয়েছেন।
এদিকে, মৃত চিকিৎসকের পরিবারের তরফে দাবি জানানো হয়েছে, ঘটনার আগে যাঁদের সঙ্গে তাঁদের মেয়ের দেখা হয়েছিল, তাঁদের পুনরায় জিজ্ঞাসাবাদ করা হোক এবং প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করা হোক। নির্যাতিতার মা নতুন তদন্তকারী আধিকারিক সন্দীপনী গর্গের কাছেও এই দাবি জানিয়েছেন। নতুন আইও পরিবারকে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়ে তদন্ত প্রক্রিয়ার ওপর আস্থা রাখার অনুরোধ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি