
তারকেশ্বর, ৩ আগস্ট (হি.স.): শ্রাবণ মাসের তৃতীয় সোমবারকে কেন্দ্র করে তারকেশ্বরে ভক্ত সমাগমে উপচে পড়েছে জনস্রোত। ভোর থেকেই লক্ষ লক্ষ পুণ্যার্থী বাবা তারকনাথের মাথায় জল ঢালতে বিভিন্ন প্রান্ত থেকে তারকেশ্বরের উদ্দেশে রওনা দেন। কিন্তু এই ধর্মীয় উৎসবের মধ্যেই বড়সড় বিপর্যয়ের মুখে পড়ে রেল পরিষেবা। ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় আরামবাগ-তারকেশ্বর শাখায় লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়, যার জেরে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার ভক্ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওভারহেড বৈদ্যুতিক তারে ত্রুটি দেখা দেওয়ায় আরামবাগ-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে একাধিক ট্রেন মাঝপথে দাঁড়িয়ে পড়ে এবং বেশ কিছু ট্রেন বাতিল বা বিলম্বিত হয়। এতে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় ক্রমশ বাড়তে থাকে। জল ঢালতে যাওয়া ভক্তদের অনেকেই দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করতে বাধ্য হন। অনেকে বিকল্প যানবাহনের খোঁজে বাস ও অন্যান্য পরিবহনের দিকে ঝুঁকলে সেখানেও অতিরিক্ত চাপ তৈরি হয়।
ভক্তদের অভিযোগ, শ্রাবণী মেলার মতো গুরুত্বপূর্ণ দিনে রেল কর্তৃপক্ষের আরও বাড়তি সতর্কতা এবং বিকল্প পরিষেবার ব্যবস্থা থাকা উচিত ছিল। বহু দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা নির্ধারিত সময়ে তারকেশ্বরে পৌঁছাতে না পেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে, রেল কর্তৃপক্ষ দ্রুত ওভারহেডের তার মেরামতির কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। প্রযুক্তিগত ত্রুটি কাটিয়ে যত দ্রুত সম্ভব স্বাভাবিক ট্রেন চলাচল চালু করার চেষ্টা চালানো হচ্ছে। তবে এই অঘটনের জেরে শ্রাবণী মেলার অন্যতম ব্যস্ত দিনে হাজার হাজার ভক্তকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA