
কলকাতা, ৩ আগস্ট (হি. স. ) : বেআইনিভাবে শহরে থেকে স্পা সেন্টারে কাজ করার অভিযোগে থাইল্যান্ডের তরুণীকে গ্রেফতার করল পুলিশ। নির্দিষ্ট খবরের ভিত্তিতে দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের একটি স্পা-এ হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে তিলজলা থানা।
জানা গিয়েছে, আগেই তরুণীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ওই স্পা সেন্টারে কাজ করছিলেন।সোমবার তাঁকে আদালতে পেশ করা হয়।
সূত্রের খবর, ১৫ সি শরৎ বোস রোডের একটি স্পা সেন্টারে রবিবার হানা দেয় কলকাতা পুলিশের দল। ব্যাংককের বাসিন্দা এম সাংসুকনিউত নামে এক মহিলার খোঁজ পাওয়া যায় সেখানে। তিনি ভারতে থাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে টুরিস্ট ভিসা নিয়ে এদেশে এসেছিলেন। একবছর পর অর্থাৎ ২০২১-এই তা শেষ হয়ে যায়।
পাসপোর্ট দেখে পুলিশ জানতে পারে, ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপরও তিনি কলকাতার চৌবাগা এলাকায় থেকে যান এবং শরৎ বোস রোডের স্পা সেন্টারে কাজ চালিয়ে যান।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত