
আরামবাগ, ৩ আগস্ট (হি.স.): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা ও জনসংযোগকে আরও সহজ ও কার্যকর করে তুলতে পুরশুড়া বিধানসভা এলাকায় চালু হলো ‘বিধায়ক সেবা কেন্দ্র’। সোমবার সোদপুর টোল গেট সংলগ্ন এলাকায় এই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক দিব্যেন্দু অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ‘বিধায়ক সেবা কেন্দ্র’-এর মাধ্যমে এলাকার বাসিন্দারা বিভিন্ন সরকারি প্রকল্প, জনকল্যাণমূলক পরিষেবা এবং প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ সহজেই পাবেন। সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং জনসংযোগ আরও মজবুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, মানুষের পাশে থেকে তাঁদের প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়াই তাঁদের অঙ্গীকার। এই সেবা কেন্দ্র সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সেবা কেন্দ্রটি পরিদর্শন করেন এবং এই উদ্যোগের সাফল্য কামনা করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA