চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক যাত্রীর
হুগলি, ৩ আগস্ট (হি.স.): হুগলি জেলার চুঁচুড়া রেলস্টেশনে সোমবার দুপুরে রেললাইন পার হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যান্ডেল জিআরপি সূত্রে জানা গিয়েছে, সোমব
রেল দুর্ঘটনায় মৃত এক


হুগলি, ৩ আগস্ট (হি.স.): হুগলি জেলার চুঁচুড়া রেলস্টেশনে সোমবার দুপুরে রেললাইন পার হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ব্যান্ডেল জিআরপি সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ওই যাত্রী ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে রেললাইন পেরিয়ে ২ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় ডাউন ১ নম্বর লাইনে একটি মেল ট্রেন স্টেশনে প্রবেশ করছিল। ট্রেনটিকে দ্রুত আসতে দেখে তিনি তড়িঘড়ি প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন, কিন্তু ভারসাম্য হারিয়ে রেললাইনের ওপর পড়ে যান। মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার তীব্রতায় মৃত ব্যক্তির ব্যাগ, চশমা ও জুতো ছিটকে রেললাইনের বিভিন্ন জায়গায় পড়ে যায়। খবর পেয়ে রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

জিআরপি জানিয়েছে, এখনও পর্যন্ত মৃত ব্যক্তির আনুষ্ঠানিক পরিচয় জানা যায়নি। তবে তাঁর ব্যাগ থেকে একটি লগবুক উদ্ধার হয়েছে। তার ভিত্তিতে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তিনি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা ছিলেন এবং দুর্গাপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পুলিশ তাঁর পরিচয় ও অন্যান্য তথ্য নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।

ঘটনার পর রেল কর্তৃপক্ষ আবারও যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, কোনো অবস্থাতেই যেন রেললাইন পার না হওয়া হয়। ফুটওভার ব্রিজ বা নির্ধারিত পথ ব্যবহার করেই এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াত করার জোরালো আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষের মতে, ট্রেন ধরার তাড়াহুড়োয় নিয়ম ভাঙার অভ্যাসই অনেক সময় এই ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande