
জয়পুর, ৩০ আগস্ট (হি.স.): চিকিৎসক হওয়ার পর বিশেষজ্ঞ হওয়ার লক্ষ্যে রবিবার দেশজুড়ে নিট-পিজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে জয়পুরের প্রায় ২,৫০০ পরীক্ষার্থীর পরীক্ষা প্রযুক্তিগত সমস্যার কারণে ব্যাহত হয়। সীতাপুরার আইওএন ডিজিটাল জোনের দুটি পরীক্ষা কেন্দ্রে অভ্যন্তরীণ বিদ্যুৎ সরবরাহে ত্রুটির কারণে বারবার কম্পিউটার সিস্টেম বন্ধ হয়ে যায়। পরিস্থিতির জেরে ওই দুই কেন্দ্রে পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রভাবিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে ৫ সেপ্টেম্বর।
রবিবার দেশজুড়ে ১,১১১টি কেন্দ্রে ২.৬৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর নিট-পিজি পরীক্ষা নেওয়া হয়। জয়পুরের সীতাপুরার ৪১৬৮২ এবং ৪১৬৮৩ নম্বর কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হয়।
পরীক্ষার্থীদের দাবি, সকাল ৯টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকের পরীক্ষা প্রায় ১০টা নাগাদ শুরু হয়। এরপরও বারবার কম্পিউটার বন্ধ হয়ে যায়। কারও স্ক্রিনে তিন-চারটি প্রশ্ন আসার পর সিস্টেম বন্ধ হয়ে যায়, আবার কারও ক্ষেত্রে পাঁচ-ছটি প্রশ্ন আসার পর একই সমস্যা দেখা দেয়।
বারবার কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় পরীক্ষার সময় এবং পরীক্ষার্থীদের মনোযোগ—দুই-ই ব্যাহত হয়। কয়েকজন পরীক্ষার্থী কেন্দ্রের আধিকারিকদের ডাকার দাবি জানান। প্রযুক্তিগত সমস্যার মধ্যে পরীক্ষার গোপনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন কয়েকজন পরীক্ষার্থী। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
তবে পরীক্ষায় কোনও অনিয়ম বা প্রশ্নপত্র সংক্রান্ত গণ্ডগোলের সরকারি ভাবে কোনও প্রমাণ মেলেনি। প্রাথমিক ভাবে সমস্যাটিকে প্রযুক্তিগত ত্রুটি এবং অভ্যন্তরীণ বিদ্যুৎ সরবরাহে সমস্যার সঙ্গে যুক্ত করা হয়েছে।
পরীক্ষা শেষ হওয়ার পর বহু পরীক্ষার্থী কেন্দ্রের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জাতীয় পরীক্ষা বোর্ড প্রভাবিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড জানিয়েছে, আইওএন ডিজিটাল জোন সীতাপুরার ৪১৬৮২ ও ৪১৬৮৩ নম্বর কেন্দ্রে অভ্যন্তরীণ বিদ্যুৎ সরবরাহে ত্রুটির কারণে পরীক্ষা সম্পূর্ণ করা সম্ভব হয়নি।
প্রভাবিত সমস্ত পরীক্ষার্থীর পুনরায় পরীক্ষা ৫ সেপ্টেম্বর, শনিবার দুপুর ৩টেয় জয়পুরে অনুষ্ঠিত হবে। নতুন পরীক্ষা কেন্দ্র, সংশোধিত অ্যাডমিট কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরে জানানো হবে।
ঘটনাটি নিয়ে জাতীয় পরীক্ষা বোর্ড বৈঠকও ডাকবে। সেখানে প্রযুক্তিগত অংশীদার এবং পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পরিকাঠামো নিশ্চিত করার দায়িত্বে থাকা সংস্থার ভূমিকা খতিয়ে দেখা হবে। তদন্তের পর দায় নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য