
কলকাতা, ৩০ আগস্ট (হি. স.) : লি হ্যারি এরউইন - স্কটিশ স্ট্রাইকার আসছেন কলকাতা শহরে। সবুজ-মেরুন দলে যোগ দিতে সোমবার শহরে আসছেন তিনি - এরউইন
বাগানে নতুন ফুল ফোটানোর লক্ষ্যেই মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিতে চলেছেন স্কটিশ স্ট্রাইকার লি হ্যারি এরউইন। আক্রমণভাগের শক্তি বাড়াতে ৩২ বছরের এই অভিজ্ঞ ফুটবলার সোমবার রাতেই শহরে এসে পৌঁছবেন। দলের সূত্রে জানা গিয়েছে। এবং মঙ্গলবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়ার কথা তাঁর।
ছ’ফুট দু’ইঞ্চি উচ্চতার এরউইন মূলত বক্স স্ট্রাইকার। গোলের সামনে তাঁর দক্ষতা যেমন রয়েছে, তেমনই শক্তি ও স্কিল দিয়ে প্রতিপক্ষের রক্ষণকে চাপে ফেলতেও সমানভাবে পারদর্শী। উচ্চতার সুবিধা থাকায় সেট-পিস থেকেও বিপজ্জনক হয়ে উঠতে পারেন তিনি। গত মরসুমে জর্ডনের ক্লাব আল ফয়সলির হয়ে খেলেছেন। তার আগে স্কটিশ লিগ ও ইংলিশ ফুটবলের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মাদারওয়েল, লিডস ইউনাইটেড, বারি এফসি এবং ট্যাক্টর এফসির মতো ক্লাবেও খেলেছেন এরউইন।
মোহনবাগানে এক বছরের চুক্তিতে সই করার পর এরউইন জানিয়েছেন, ভারতে প্রথমবার খেলতে আসছেন তিনি। একাধিক আইএসএল ক্লাবের প্রস্তাব থাকলেও ভারতের সেরা ক্লাব হিসেবে মোহনবাগানের ঐতিহ্য, পেশাদারিত্ব এবং সমর্থকদের আবেগই তাঁকে সবুজ-মেরুন বেছে নিতে অনুপ্রাণিত করেছে। তাঁর একমাত্র লক্ষ্য, দলকে ট্রফি জেতানো।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত