
আগরতলা, ৪ আগস্ট (হি.স.) : কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া আর্থিক সুবিধা, ভাতা ও পরিষেবা সংক্রান্ত একাধিক দাবি সামনে রেখে প্রথমবারের মতো যৌথ সম্মেলনের ডাক দিল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দুই কর্মচারী সংগঠন। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন-এর উদ্যোগে আগামী ৮ ও ৯ আগস্ট এই যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আগরতলায় আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে সংগঠন দু'টির নেতৃবৃন্দ এ কথা জানান।
সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবি-দাওয়া কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হলেও তার সুরাহা হয়নি। কর্মীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোর দাবিতে এবার যৌথভাবে পাঁচ দফা দাবির ভিত্তিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে সংগঠন দু'টির মুখপাত্র তমাল দেবনাথ জানান, আগামী ৮ আগস্ট বিকেল ৫টায় আগরতলার একটি বেসরকারি হোটেলে সম্মেলনের উদ্বোধন হবে। পরদিন ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন অধিবেশন, আলোচনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের মধ্য দিয়ে সম্মেলন চলবে। তিনি জানান, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ইতিহাসে এই প্রথম কর্মকর্তা ও কর্মচারীদের দুই সংগঠন এক মঞ্চে এসে যৌথ সম্মেলনের আয়োজন করছে।
সংগঠনগুলির উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— কর্মচারীদের সমস্ত বকেয়া আর্থিক পাওনা ও অন্যান্য সুবিধা অবিলম্বে কার্যকর করা, স্পনসর ব্যাংকের কর্মীদের সমপর্যায়ে গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান, স্পনসর ব্যাংক থেকে গ্রামীণ ব্যাংকে ডেপুটেশনে কর্মী পাঠানো বন্ধ করা এবং গ্রামীণ ব্যাংকের স্বতন্ত্র সত্তা অক্ষুণ্ণ রাখা। এছাড়াও কর্মচারীদের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়েছে।
তমাল দেবনাথ বলেন, দীর্ঘদিন ধরে এই দাবিগুলি উপেক্ষিত হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। যৌথ সম্মেলনের মাধ্যমে কর্মীদের ঐক্যবদ্ধ করে দাবি আদায়ের রূপরেখা তৈরি করা হবে। তিনি আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ কর্মচারীদের ন্যায্য দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।
সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের শ্রমমন্ত্রী টিংকু রায় উপস্থিত থাকবেন। এছাড়াও ব্যাংকিং ক্ষেত্রের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই সংগঠনের চেয়ারপার্সন বিপ্লব সাহা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশনের সভাপতি ডেভিড দেববর্মা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি অন্বেষা দাস, সাধারণ সম্পাদক সৌভিক নাগ-সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা সকলেই কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের উপর জোর দেন এবং সম্মেলনকে সফল করার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ