
ধর্মশালা, ৪ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশের কাংড়া জেলার শাহপুরে গাড়ি তল্লাশি চালিয়ে ১১.৩৮ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার গভীর রাতে শাহপুর থানার অধীন রায়ত বাজার এলাকায় সিআইএ-র একটি দল টহল দিচ্ছিল। সেই সময় একটি সন্দেহজনক গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির চালকের কাছ থেকে ১১.৩৮ গ্রাম চিট্টা উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম বিশাল জসওয়াল (৪২)। তিনি কাংড়া জেলার ধর্মশালা তহসিলের দাদি পোস্ট অফিস এলাকার বারোল গ্রামের বাসিন্দা।
পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে শাহপুর থানায় মামলা দায়ের করেছে। বর্তমানে মাদক চক্রের মূল উৎস এবং সরবরাহ ব্যবস্থার সন্ধান পেতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস