
গুয়াহাটি, ৪ আগস্ট (হি.স.) : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের উদ্যোগে এবং এন.এফ. রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের (এনএফআরএসএ) ব্যবস্থাপনায় সোমবার থেকে মালিগাঁওয়ের এনএফআরএসএ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ৭২তম অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও মহিলা) ২০২৬-২৭। আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে পাঁচ দিনব্যাপী এই জাতীয় প্রতিযোগিতা।
ভারতীয় রেলওয়ের বিভিন্ন জোনাল রেলওয়ে ও প্রোডাকশন ইউনিটের প্রতিনিধিত্বকারী সেরা টেবিল টেনিস খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৬৫ জন পুরুষ ও ৩১ জন মহিলা খেলোয়াড়। এছাড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রেলওয়ে বোর্ডের মনোনীত ১৭ জন রেফারি, দুইজন নির্বাচক এবং একজন পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন।
চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খেলোয়াড়রা শিরোপা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা ভারতীয় রেলওয়ের ক্রীড়া-সংস্কৃতি, দলগত চেতনা এবং ক্রীড়া উৎকর্ষের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন।
উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক রমেশ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী দলগুলির পরিচিতি পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে এনএফআরএসএ-র সভাপতির স্বাগত ভাষণ, পতাকা উত্তোলন, রেলওয়ে বোর্ডের কর্মকর্তাদের পরিচয়পর্ব, প্রধান অতিথির বক্তব্য, সংবর্ধনা এবং চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানায়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রেলওয়ের ক্রীড়াবিদদের সাফল্যের জন্য উন্নত ক্রীড়া অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন ক্রীড়া প্রতিভার বিকাশ, সুস্থ ক্রীড়া সংস্কৃতির প্রসার এবং দেশের বিভিন্ন রেলওয়ে কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস